দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোহিঙ্গা সংকটে অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সহায়তা কমে এলেও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন নতুন আশার সঞ্চার করেছে।
শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শন শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন ১৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে প্রতিনিধি দলটি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। তারা ৮-ডব্লিউ ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে ৬ নম্বর ক্যাম্পে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) পরিচালিত হাসপাতাল ঘুরে দেখেন এবং রোগী, চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন।
এরপর প্রতিনিধি দলটি ৪ নম্বর ক্যাম্পে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত নিবন্ধন কেন্দ্র এবং ৪-এক্সটেনশন ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করে। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে উখিয়া উপজেলা সদরের নর্থ এন্ড ক্যাফেতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠকে সার্জিও গোর, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দাতা দেশ হিসেবে সহায়তা দিয়ে আসছে। এবার প্রতিনিধি দল মূলত যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত সহায়তা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছে। ক্যাম্প ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে, মার্কিন প্রতিনিধি দলের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গারা আন্তর্জাতিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে নিজেদের দাবি তুলে ধরেন।
রোহিঙ্গাদের ভাষ্য, নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা পেলে তারা নিজ দেশে ফিরে যেতে প্রস্তুত।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে সার্জিও গোরের নেতৃত্বাধীন ১৪ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছে দিনব্যাপী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেয়।
এমএস/